এখন একটি জাতীয় ঐক্য প্রয়োজন: মেজর হাফিজ
স্টাফ রিপোর্টার
এখন একটি জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য চাই। বিশেষ করে ছাত্র-জনতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি, এই ঐক্যের পথে আপনারা কেউ বিভেদের প্রাচীর তুলে দেবেন না। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনার প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন দেয়া এবং ক্ষমতা হস্তান্তর করা। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু তারা এ কথা বলেন না, ভুলে গিয়েছেন। অতিতে তত্ত্বাবধায়ক সরকার ছিলো তিন মাসের জন্য। মনে হচ্ছে আপনারা (অন্তর্বর্তী সরকার) তো ৩০ বছর থাকতে চান, এতো সময় সম্ভব হবে না। কারণ অনির্বাচিত সরকার একটা দূর্বল সরকার।
বিএনপি অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন চায় জানিয়ে মেজর হাফিজ বলেন, আমরা এই বছরেই নির্বাচন চাই। সুতরাং ২০২৫ সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল গঠন করতে চান তারাও মাঠে থাকুক। কিন্তু এভাবে রাজনীতিতে কোন কূটক্যাচাল করবেন না। প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না। বিশেষ করে পতিত স্বৈরাচারকে সুযোগ দেবেন না।
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ফজলুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্যে রাখেন।











