সুনামগঞ্জে করোনা আক্রান্ত সংখ্যা ৮শ ছাড়িয়েছে
ডেপুটি সিভিল সার্জনসহ সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩১ জন শনাক্ত হয়েছেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন। এ নিয়ে জেলাটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮শ ছাড়িয়েছে। সুনামগঞ্জে বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৬ জন।
জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১৮৮ নমুনা পরীক্ষা করা হলে সেখানে ৩১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে- সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, ছাতক উপজেলায় ১৪ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দোয়ারাবাজার উপজেলায় একজন, শাল্লা উপজেলায় একজন এবং দিরাই উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আজকের রিপোর্টে সুনামগঞ্জের ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের দ্রুত আইসোলেশনে নিয়ে আসা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। করোনায় সোমবার সুনামগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আমাদের এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯২ জন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার দিনই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন, তবে পরিস্থিতি বিবেচনা করে লকডাউন শিথিল করার পর থেকেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এবং বর্তমানে তা ৮০০ ছাড়িয়েছে।

















