খুলনার ৮৪০ কেন্দ্রের মধ্যে ৫৮৫টি ঝুঁকিপূর্ণ
নির্বাচনের দিন নিরাপত্তা জোরদার করতে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। প্রায় ৩০০টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশের শরীরে থাকবে বডি ক্যামেরা, যা সরাসরি পুলিশ হেডকোয়ার্টার থেকে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া প্রায় ৫৫৮টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং সার্বক্ষণিক এসব ক্যামেরা মনিটরিং করা হবে। সব মিলিয়ে প্রতিটি কেন্দ্রকেই সিসি ক্যামেরার আওতায় আনার প্রস্তুতি চলছে।
খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় এক হাজার ২০০ সেনা সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক ইউনিটও প্রস্তুত থাকবে, যারা প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করবে।
তিনি আরো বলেন, এবারের নির্বাচনে ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে ভোটকেন্দ্র সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। কোনো ভোটার বা পর্যবেক্ষক ছবি বা তথ্যসহ অভিযোগ পাঠালে সঙ্গে সঙ্গে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে প্রশাসন সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে খুলনায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।










