সাকিবের মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ৬ জন নজরদারিতে
ফেসবুকে পোস্ট করা ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারী ছয়জনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। তাদেরকে আটক করতে অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক টিম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারীদের ফেসবুক আইডিগুলো ঢাকার বাইরের। তাদের আটক করতে টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমরা সবার জন্য সাইবার জগৎ নিরাপদ রাখতে চাই। এজন্য আমাদের টিম সার্বক্ষণিকভাবে সাইবার পেট্রোলিং করে থাকে। ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সাকিব আল হাসান তার ফেসবুক পেজে তার বড় মেয়ের একটি ছবি পোস্ট করেন। সূর্যমুখী বাগানের মধ্যে তোলা হাস্যোজ্জ্বল ওই ছবিতে বেশ কয়েকজন আপত্তিকর মন্তব্য করেন। এরফলে পেজ থেকে ছবিটি সরিয়ে ফেলেন সাকিব।
সাইবার পুলিশের সদস্যরা জানান, এ ধরনের মন্তব্য ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে অপরাধ। যারা এই কাজটি করেছেন তাদের আটকের চেষ্টা চলছে। এর বাইরে যারা বিভিন্ন মানুষের পোস্টে বাজে বা আপত্তিকর মন্তব্য করেন তাদের জন্য এটা হুঁশিয়ারি।
পুলিশ কর্মকর্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো নাম ভাসছে, সেগুলোও আমরা আমলে নিচ্ছি। সেগুলো ফেক আইডি হতে পারে, আবার কাউকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তাই প্রযুক্তির জায়গা থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি। তবে যারা এ ধরনের মন্তব্য করেছেন, তাদের পালানোর সুযোগ নেই। কারণ তাদের ফুটপ্রিন্ট রয়ে গেছে। তাদেরকে শনাক্তের কাজ প্রায় শেষ। গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

















