বাংলাদেশি ৪০ লাখ কৃষি শ্রমিক নিতে চায় আফ্রিকা
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানিয়েছেন, আফ্রিকা ৪০ লাখ বাংলাদেশি কৃষি শ্রমিক নিতে চায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সম্প্রতি বেশ কিছু দেশের মন্ত্রীদের চিঠি দিয়েছি কৃষিখাতে যেনো তাদের দেশে আরো বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেয়। আমরা ভালো তথ্য পেয়েছি। সুদান, উগান্ডা, তানজানিয়া, গাম্বিয়া বাংলাদেশের ৪০ লাখ শ্রমিক কৃষি কাজে নিতে চায়। এই দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতরা এ নিয়ে কাজ করছেন। সুতরাং একদিকে অসুবিধা আসছে অন্যদিকে নতুন নতুন সম্ভবনার সৃষ্টি হচ্ছে। শুক্রবার (১২ জুন) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
আবদুল মোমেন বলেন, প্রবাসীরা বিদেশে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে পারেন এ জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে মধ্যেপ্রাচ্যে। করোনা মহামারির কারণে তেলের দাম পড়ে যাওয়ায় সেই সকল দেশের সরকার প্রবাসী শ্রমিকদের দেশে ফিরে যেতে উদ্যোগ নিয়েছে। আমরা মধ্যেপ্রাচ্যের অনেক সরকারের সঙ্গে আলোচনা করেছি। এরই পরিপ্রেক্ষিতে তারা আমাদের আবেদনে সাড়া দিয়েছে। এদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, ওমান, কাতার, কুয়েত এ দেশগুলোকে আমরা বলেছি, তোমাদের দেশে আমাদের শ্রমিকেরা মরুভূমিকে একেবারে সবুজ করে ফেলেছে। এক সময় শাকসবজি তোমরা বিদেশ থেকে আনতে। আমাদের এ প্রবাসীদের যদি তোমরা রাখো, তাহলে তারা আরো বেশি করে মরুভূমিকে বাংলাদেশের মত সুজলা সুফলা গড়ে তুলবে।
তিনি বলেন, আমি সেই দেশের সরকারগুলোকে বলেছি তোমরা তাদের অন্য কাজে সম্পৃক্ত করতে পারো, আমরা সহযোগিতা করব। দ্বিতীয়ত আমরা বলেছি, তোমরা তো হালাল গোস্ত খাও। তোমরা অস্ট্রেলিয়া-ব্রাজিল থেকে মাংস নেও। এখন থেকে তোমরা আমাদের কাছ থেকে হালাল গোস্ত নেও, চিকেন নেও। চাইলে বাংলাদেশে ইন্ডাস্ট্রি করতে পারো, তাহলে তোমাদের দেশের লোক খুশি হবেন।

















