গোলাপগঞ্জে করোনায় ব্যবসায়ীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন আব্দুর রাজ্জাক (৬২) নামের এক কাপড় ব্যবসায়ী। সোমবার রাত ৮টার দিকে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।
রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
গত ২৪ জুন আব্দুর রাজ্জাক করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে গতকাল রোববার রাতে (২৮জুন) তার করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ রিপোর্ট আসার একদিন পর তিনি মারা গেলেন।
এর আগে রোববার ভোরে গোলাপগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হক আকন্দ (৬৬)। পরদিন মারা গেলেন উপজেলার একজন স্বনামধন্য ব্যবসায়ী। প্রবীণ আওয়ামী লীগ নেতা বদরুল হকও আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন।
এনিয়ে, গোলাপগঞ্জে করোনাভাইরাসে মোট ৫ জনের মৃত্যু হলো। এ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন।

















