আসন্ন সিরিজের জন্য বিসিবির ৩৮ সদস্যের দল
নভেল করোনাভাইরাসের কারণে দেশে এখনো বন্ধ রয়েছে সবধরনের খেলা। এর মধ্য দিয়েই কীভাবে অনুশীলন করা যায়, সেই পথেই হাটছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের এককভাবে অনুশীলনের অনুমতিও দেওয়া হয়েছিল; কিন্তু দেশে ভাইরাসের অবস্থা দিনদিন অবনতি হওয়ায় সেটাও সম্ভব হয়ে ওঠেনি।
এর মধ্যেই কথা চলছে শ্রীলঙ্কা সফরের। এ ছাড়া শ্রীলঙ্কায় এবারের এশিয়া কাপ হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে। এসব দিকে বিবেচনা করে ৩৮ সদস্যের একটি দল তৈরি করেছেন নির্বাচকরা। বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বিষইয়টি নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার বিকেলে আমাদের সময়কে মুঠোফোনে হাবিবুল বাশার বলেন, ‘আমরা লম্বা একটি গ্রুপ দিয়ে রেখেছি। সপ্তাহ দুয়েক আগে থেকেই তো অনুশীলনের কথা হচ্ছে, এখন যদি অনুশীলন শুরু হয় তাহলে এরাই শুরু করবে। আর যদি শ্রীলঙ্কা সফরে যায় তাহলে এখান থেকেই দল ঘোষণা করা হবে। শুধু শ্রীলঙ্কা সফর না, সামনে যে সিরিজই হয় যাতে ক্রিকেটাররা প্রস্তুত রাখতে পারে।’
বাশার বলেন, ‘শ্রীলঙ্কা সফর নিশ্চিত না হলেও এখনো কিন্তু বাতিল হয়নি। তাই বড় একটা দল তৈরি করা হয়েছে। যাতে যেকোনো সময় শুরু হলে এখান থেকে বাছাই করা যায়। আবার ক্রিকেটাররাও নিজেদের প্রস্তুত রাখতে পারবে কিছুটা।’
এর আগে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে এক আলোচনা সভায় বসেছিলেন ক্রিকেটাররা। সভায় তামিম ইকবাল ছাড়া টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীমসহ অনেকেই ছিলেন। এখানে ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফর নিয়ে জানিয়েছিলেন, স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ পূর্বক বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
আসন্ন সিরিজের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই অনুশীলন সেশন শুরু করেছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ে সফর করার জন্য বিসিবিকে প্রস্তাবও দিয়েছে লঙ্কান বোর্ড। তবে বিসিবি এখনো কোনও সিদ্বান্ত নেয়নি। তবে বোর্ড খেলোয়াড়দের প্রস্তুত রাখবে। যে কারণে ক্রিকেটারদের মাঠে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছিল বলে এর আগে জানিয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি বলেছিলেন, ‘যত দ্রুত সম্ভব মাঠে খেলা ফেরানোর পরিকল্পনা রয়েছে এবং এ জন্য কাজও শুরু হয়েছে। তবে অনেক কিছুর ওপর নির্ভরশীল শ্রীলঙ্কা সফর নিয়ে যদিও এখন পর্যন্ত কোনো সিদ্বান্ত হয়নি। তবে আমরা চাই খেলোয়াড়রা প্রস্তুত থাকুক এবং তাদের স্বাভাবিক কার্যকলাপ শুরু করুক। বর্তমানে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করছে এবং কীভাবে পুনরায় ক্রিকেট শুরু করা যায় সেই পরিকল্পনা করছে।’
প্রধান নির্বাহীর প্রস্তুত থাকার কথা জানানোর পরই ৩৮ সদস্যের দল দিয়েছেন নির্বাচকরা। এখান সিরিজ হবে কী হবে না, এটা বলে দেবে সময়।

















