‘রোহিত শর্মা হচ্ছেন আমার রোল মডেল: তারকা হায়দার আলি
ভালো লাগো কোনো সীমানা মানে না। শত্রু দেশের যে কাউকেও ভালো লেগে যেতে পারে আপনার। আপনি যে ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, শত্রু দেশে তেমন কেউ যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে তো তাকে আদর্শ মানাই যায়।
হালের তরুণ ক্রিকেটারদের অধিকাংশেরই আইডল ভারতের বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা। কারণটা তাদের ব্যাটি। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এই দু’জন। রোহিত শর্মার নামের পাশে তো ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি লেখা। শুধু তাই নয়, সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসটিও তার গড়া।
ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট সম্পর্ক নেই বহু বছর হয়ে গেলো। দু’দেশের মধ্যে রাজনৈতিকভাবেও তুমুল শত্রুভাবাপন্ন সম্পর্ক। বিশেষ করে কাশ্মির ইস্যুতে তো দু’দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় যায় অবস্থা। এর মধ্যেও ভারতীয় একজনকে পাকিস্তানের কেউ রোল মডেল মানা বিস্ময়করই বটে।
ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান দলে অন্তর্ভূক্ত হয়েছেন ১৯ বছর বয়সী তরুন ব্যাটসম্যান হায়দার আলি। তিনি বলেন, ‘রোহিত শর্মা হচ্ছেন আমার রোল মডেল। বিশেষ করে তিনি যেভাবে ভারতীয় দলকে একটা দারুণ সূচনা এনে দেন, সে কারণে। এটা সত্যিই অসাধারণ।’
রোহিত শর্মার আরও প্রশংসা করে হায়দার আলি বলেন, ‘যখনই তিনি ইনিংস ওপেন করতে নামেন, সেটা টেস্ট হোক, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, তখনই তিনি প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন এবং দলকে দারুণ একটি সূচনা এনে দেন। পাকিস্তান দলকেও আমিও এ ধরনের সূচনা এনে দিতে চাই।’

















