পূবালী ব্যাংক লভ্যাংশ দেবে শেয়ারপ্রতি ১ টাকা করে
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ এক টাকা পাবেন।
বৃহস্পতিবার(১৮ জুন) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে দুই টাকা ১০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৬২ পয়সা।
লভ্যাংশ ঘোষণার কারণে আগামী রোববার (২১ জুন) কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যত খুশি বাড়াতে পারবে।
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ার দাম নামতে পারবে না। অবশ্য বৃহস্পতিবার লেনদেন শেষে ব্যাংকটির শেয়ার দাম ফ্লোর প্রাইসে এসে দাঁড়িয়েছে। ফলে রোববার দাম কমার কোনো সুযোগ নেই।

















