অর্ডার জালিয়াতি, রেস্তোরাঁ মালিককে ১৫০০ বছর জেল!
অনলাইন প্লাটফর্মের মাধ্যমে তৈরি খাবার বিক্রির ব্যবসা করেন তারা। তবে গ্রাহকদের কাছ থেকে অনলাইনে খাবারের অর্ডার নিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। আর এই অভিযোগের ভিত্তিতে ওই দুই রেস্তোরাঁ মালিককে প্রায় দেড় হাজার বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত।
ব্রিটিশ সরকারি সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, থাইল্যান্ডে ‘অকল্পনীয়’ কারাদণ্ডের সাজা পাওয়া ওই দুই মালিক লেইমগেইট সি-ফুড অ্যান্ড রেস্টুরেন্টের মালিক। তাদের বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের খাবার তো সরবরাহ করেননি উল্টো অর্থ ফেরত দিতেও অস্বীকৃতি জানান তারা।
এমন ঘটনার পর কর্তৃপক্ষের কাছে রেস্তোরাঁটির মালিকদের বিরুদ্ধে অভিযোগ জানান কয়েকশ ব্যক্তি। পরে আইন শৃঙ্খলা বাহিনীর রেস্তোরাঁর দুই মালিককে গ্রেফতার করে। এরপর তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের শুনানি শেষে দুই মালিকের প্রত্যেককে ১৪৪৬ বছর করে কারাদণ্ড দেন আদালত।
প্রতারণার অভিযোগে থাইল্যান্ডের ‘অকল্পনীয়’ সাজা প্রদানের ঘটনা নতুন নয়। এমনটা আগেও ঘটেছে। ২০১৭ সালে থাইল্যান্ডের এক আদালত প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ১৩ হাজার বছরের কারাদণ্ড দিয়েছিল। তবে দেশটির আইনে প্রতারণার অভিযোগে ২০ বছরের কারাদণ্ডের কথা বলা আছে।

















