স্মারক স্বর্ণমুদ্রার দামও বাড়ল
স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম সাত হাজার টাকা করে বাড়িয়ে ৬০ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৮ জুন) কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে। এ নিয়ে এক বছরে দুবার স্বর্ণমুদ্রার দাম বাড়ল। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি স্বর্ণমুদ্রার দাম বাড়ানো হয়েছিল।
এর আগে সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি একই কারণে স্বর্ণমুদ্রার দাম তিন হাজার টাকা করে বাড়িয়ে ৫৩ হাজার টাকা করা হয়। এর আগে ২০১৯ সালের ২৬ আগস্ট প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেও সোমবার (২২ জুন) স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণে পাঁচ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬৯ হাজার ৮৬৭ টাকা।

















