চিকিৎসক ছাড়াই অপারেশন: হাসপাতালকে ৬ লাখ জরিমানা
রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলীতে সেবিকা জেনারেল হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা ও মো. সাইফুল ইসলামকে (৫২) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব- ২ জানায়, দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে এনে প্রথমে কম টাকায় ভর্তি করতে চাইলেও পরে বেশি টাকা নেওয়ায় রোগীর স্বজনেরা অভিযোগ করে। অভিযোগের সত্যতা যাচাইয়ে গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। রোগীর স্বজনদের অভিযোগ দালালেরা পঙ্গু হাসপাতালে চিকিৎসা পাবে না বলে ফুসলিয়ে তাদের সেবিকা জেনারেল হাসপাতালে নিয়ে আসে এরপর হাসপাতালের মালিক মো. সাখাওয়াত হোসেনের ছোট ভাই মো. সাইফুল কোনো চিকিৎসক না সে অপারেশন করেছে।
অভিযানটি র্যাব- ২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে পরিচালনা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে, র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জাগো নিউজকে বলেন, ‘গরিব রোগীদের দালালদের মাধ্যমে এনে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে হাসপাতালটি’।
‘হাসপাতালটি বিভিন্ন মাধ্যমে প্রতারণা করা ও মাদরাসা থেকে পাশ করে সাইফুলকে দিয়ে অপারেশন করায় মালিক সাখাওয়াত হোসেনকে ৪ লাখ, মো. মোহিবুল্লাহ হেলালকে ২ লাখ জরিমানা করা হয়। কোনো সার্টিফিকেট না থাকায় অপারেশন করায় সাইফুল ইসলামকে ১ বছরের জেলসহ অনাদায়ে আরও ১ মাসের জেল দেয়া হয়েছে’।















