অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমার বাজেট বৃহস্পতিবার
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের এটা দ্বিতীয় বাজেট। একই সঙ্গে বর্তমান সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি দ্বিতীয় বাজেট।
এবারের বাজেটটি গতানুগতিক ধারার নয়। ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতি সমন্বয়ে। এবারের বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে স্বাস্থ্য খাতে। পাশাপাশি কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী অর্থবছরে নানা ধরনের কৃষি ও খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ, ক্ষতিগ্রস্ত শিল্প, ব্যবসা-বাণিজ্যকে পুনরুদ্ধারসহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাজেটে বিভিন্ন প্রস্তাবনা থাকছে।
করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবারের অধিবেশনে মিডিয়া কাভারেজের লক্ষ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না। এমতাবস্থায় সাংবাদিকদের বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে বিকেল সোয়া ৩টায় বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
‘বাজেট ডকুমেন্টস’ শিরোনামের প্যাকেটে বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, সম্পূরক আর্থিক বিবৃতি, মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি এবং “Budget Documents” শিরোনামের প্যাকেটে Budget Speech, Budget in Brief, Annual Financial Statement এবং Medium Term Macroeconomic Policy Statement জাতীয় সংসদ থেকে সরবরাহ করা হবে।
এতে আরও বলা হয়, বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd -এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে এবং দেশ বা বিদেশ থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে। প্রাপ্ত মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে।
জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময়ে ও পরে তা কার্যকর করা হবে। ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে নিম্ন লিখিত সরকারি ওয়েবসাইট লিংকের ঠিকানাগুলোতেও বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
www.bangladesh.gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.portal.gov.bd এবং www.pmo.gov.bd
বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ শুক্রবার (১২ জুন)বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জুমের মাধ্যমে যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে নির্ধারিত তারিখ ও সময়ে অংশগ্রহণ করা যাবে।

















