এমপিরা চাইলে নির্বাচনকালীন সরকারে নিতে রাজি আছি: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
কোনো সংসদ সদস্য (এমপি) যদি নির্বাচনকালীন সরকারে আসতে চায় আওয়ামী লীগ তাতে রাজি আছে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে গণভবনে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি ফলো করি। ব্রিটেনে কীভাবে ইলেকশন হয়, তারা কীভাবে করে, আমরা সেভাবেই করব। এর মধ্যে একটু দেখাতে পারি—পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছেন, তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে, নির্বাচনকালীন সময়ে তারা সরকারে আসতে চায় আমরা নিতে রাজি আছি।’
বিশ্বব্যাংকের প্রধানকে কোন চিন্তা থেকে পদ্মা সেতুর ছবি উপহার দিয়েছেন- এক সাংবাদিক বিষয়টি জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পেইন্টিং আমি এই জন্য নিয়ে গেছি যে আমাদের দেশে যে খুব ভালো পেইন্টার আছে, যারা খুব চমৎকার পেইন্টিং করতে পারেন সেইটা জানানোর জন্য। বিশ্বের কারও যদি পেইন্টিং প্রয়োজন হয় আমাদের কাছে চাইতে পারবে।’
তিনি বলেন, ‘আর পেইন্টিংয়ের বিষয়বস্তুটা এই জন্য করেছি যে বাংলাদেশের মানুষের জন্য সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে পদ্মা সেতু। এটাই, আর কিছু না সেখানে। অন্য কোনো উদ্দেশ্য নেই।’











