জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে এ সফরে তাঁর সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য-সচিব আখতার হোসেন।
জাতিসংঘের অধিবেশনে রাজনৈতিক দলের নেতাদের অংশ নেওয়ার বিষয় নিয়ে দেশে-বিদেশে আলোচনা চলছে। নানাজনে নানা মন্তব্যও করছেন এই সফর নিয়ে। এরমধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। এটি নির্বাচনকেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয়। তিনি বলেন, এই সফর বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে। তিনি বলেন, তারা সরকারের অংশীদার হিসেবে এ ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন।
এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরকার প্রধানের যোগদানকে কেন্দ্র করে প্রতি বছর সরকারের পক্ষে-বিপক্ষে উত্তাপ ছড়ায় বাংলাদেশি রাজনীতি। প্রতিবারের মতো এবারও সেই দৃশ্যের প্রেক্ষাপট তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার আগমন ঘিরে ব্যাপকভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আর পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। সম্প্রতি তথ্য উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনায় এবার প্রধান উপদেষ্টার সফরে বেশ সতর্ক অবস্থানে থাকবে বাংলাদেশ স্থায়ী মিশন এবং নিউ ইয়র্ক কনস্যুলেট
অফিস ।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টার আগমনে নিউ ইয়র্ক এখন সরগরম। সম্প্রতি এক সভায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিউ ইয়র্কে প্রতিহত করার ঘোষণা দেয়া হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শাখার নেতাকর্মীরা ব্যাপকভাবে প্রতিরোধ দেখাবেন বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি বলেছেন, ২২ তারিখে জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।
তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামাত-এনসিপির নেতারা আগমনে এবার পাল্টা প্রস্তুতি নিচ্ছে অপর পক্ষ। বিএনপির দলীয় নেতা-কর্মীরা দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধি দলকে স্বাগত জানাতে ইতিমধ্যে বিভিন্ন স্থানে সভা করছেন। করণীয় সম্পর্কে কর্মীদের অবহিত করেছেন নেতারা ।
অন্যদিকে জামায়াতে ইসলামীর দলীয় সাংবিধানুযায়ী যুক্তরাষ্ট্র শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ আছেন দলের নেতা-কর্মীরা। তারাও সাধারণ প্রবাসীদের ব্যানারে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধি দলকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টা এবং সফরসঙ্গী বিএনপির মহাসচিবসহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। ২২ তারিখে জেএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে নেতাকর্মীরা অবস্থান নেবেন। প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলা করলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন এবার যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন ।











