মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল, পথে পথে মিছিল
স্টাফ রিপোর্টার
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে উদ্যানমুখী হচ্ছেন মানুষ। শনিবার দুপুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে সাধারণ জনতার ব্যানারে কেরানীগঞ্জ থেকে একটি বিক্ষোভ মিছিল নীলক্ষেত দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশস্থলের দিকে এগিয়ে গেছে। এ সময় তারা ‘ইসরাইলের পণ্য বয়কট বয়কট’ বলে স্লোগান দিতে থাকেন।
নীলক্ষেত মোড়ে ‘মার্চ ফর গাজা সমাবেশে’ আসা মানুষের জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছে। তীব্র গরমে মানুষ যাতে শরবত পান করে কিছুটা স্বস্তি পান সেই লক্ষ্যে কয়েকজন মিলিতভাবে শরবতের ব্যবস্থা করেন।
এ সময় একটি পিকআপ থেকে সমাবেশে যোগ দিতে মানুষদের শরবত দিতে দেখা যায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজধানীর আশপাশের এলাকা থেকেও এসে যোগ দিচ্ছেন মানুষ।
এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে জমে উঠেছে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রি। এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে অনেককেই স্লোগান দিতে দেখা যায়। এদিন বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করার কথা রয়েছে।
শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই ‘মার্চ’ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা করা হবে না।
মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিএনপি। এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।











