শনিবার থেকে চলবে মেট্রোরেল
আগামী শনিবার থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে। তার আগে এখন মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচলে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে। তবে এর আগেও চালু হওয়ার সম্ভাবনা আছে। নিরাপত্তাসংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মেট্রোরেল চলাচলের বিষয়টি তুললে দ্রুত তা চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী শনিবার যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু করবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গত ১৮ জুলাই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। একই দিনে বন্ধ হয় মেট্রোরেল। পরের দিন মেট্রোরেলের মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে হামলা চায় দুর্বৃত্তরা। কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনও নিরূপণ করা হয়নি।











