মানুষ ক্ষুধার জ্বালায় হাহাকার করছে : ফখরুল
দেশের গরিব মানুষ ক্ষুধার জ্বালায় হাহাকার করছে- এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের পাশে বিএনপির সাহায্যের হাত বাড়িয়ে দেয়াকে কোনোভাবেই বরদাস্ত করতে পারছে না সরকার।
রোববার (২৮ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগকালীন দেশে গরিব মানুষ ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। কিন্তু এই অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে বিএনপির সাহায্যের হাত বাড়িয়ে দেয়াকে কোনোভাবেই বরদাস্ত করতে পারছে না সরকার। আর সে জন্যই বিএনপি নেতাকর্মীরা যখন গরিব ও দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে তখন তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, করোনা ও কর্তৃত্ববাদ একইসঙ্গে হিংস্ররূপ ধারণ করেছে। গণতান্ত্রিক শক্তির ওপর কর্তৃত্ববাদের আঘাত আরও তীব্র রূপ ধারণ করেছে। আর এরই ধারাবাহিকতায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলাল সরকারকে আজ মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, বেলাল সরকার একজন হৃদরোগী। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এ ধরনের নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে দেশের জন্য এক অশনিসংকেত। তবে সরকারের ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ হচ্ছে।
ফখরুল বলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলাল সরকারকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

















