বিএনপি গুজব ছড়ানোকেই পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছে : কাদের
বিএনপি সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত চর্বণ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এমন অভিযোগ করেন।
তিনি বলেন, ‘করোনার মতো বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগগুলো বিএনপির চোখে পড়ে না। ধুলো জমা মরচে ধরা চশমা সরিয়ে এ সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে এবং সরকারের কার্যক্রমে সহযোগিতা প্রদানে আবারও তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার জোনভিত্তিক লকডাউন কার্যকর করার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, টেস্টিং সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং সবধরনের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছে।
নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয় উল্লেখ করে তিনি তাদের কঠোর নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। অনিয়মকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো প্রশ্রয় নেই। ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে যেমনি কঠোরভাবে শাস্তি দেয়া হয়েছে তেমনি চিকিৎসা সরঞ্জামে অনিয়মের বিরুদ্ধেও সরকার শূন্য সহিষ্ণুতা বজায় রাখবে।
তিনি বলেন, এখনও ভিড়ে, জটলায়, বাজারে, কর্মস্থলে অনেকে মাস্ক ব্যবহার করে না, সংক্রমণ গোপন করছে, এ শৈথিল্য, অবহেলা সর্বগ্রাসী করোনার কাছে নিজেকে এবং আশপাশের সবাইকে নিয়ে আত্মসমর্পণের শামিল।
সরকারের নতুন সিদ্ধান্ত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

















