সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে। এমনটাই জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ডা. জাহিদ হোসেন জানান, কাতারের রাজপরিবারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরই মধ্যে যোগাযোগও হয়েছে বলে জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময় তাঁর সঙ্গে একই বিমানে থাকবেন দেশি–বিদেশি চিকিৎসকদের একটি দল। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে কিংবা আগামীকাল শুক্রবার তাঁকে নিয়ে রওনা হতে পারে এই এয়ার অ্যাম্বুলেন্সটি।