মিঠুর দুর্নীতির সহযোগী স্বাস্থ্য অধিদপ্তরের কেরানি আফজালের দুই শতাধিক কোটি টাকার সম্পদ দেশ-বিদেশে রয়েছে। কানাডাতে তার সম্পদ রয়েছে। সেখানে তার পরিবারের সদস্যরা বসবাস করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক মালেকের রাজধানীতে গাড়ি বাড়িসহ কোটি কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। কেরানি আফজাল ও গাড়িচালক মালেক গ্রেপ্তার হওয়ার পর বের হয়ে আসে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়সহ সমগ্র স্বাস্থ্য খাতের অনিয়মের নানা চিত্র। জড়িত কর্মকর্তা-কর্মচারীদের নাম বের হয়ে আসে।
২০১০ সাল থেকে মিঠু স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে অপ্রতিরোধ্য হয়ে উঠে। মন্ত্রণালয়ের শীর্ষ একাধিক কর্মকর্তার সন্তান কিংবা পরিবারের সদস্যরা মিঠুর দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে অধিদপ্তরসহ উপজেলা পর্যন্ত স্বাস্থ্য বিভাগে মিঠুর নেটওয়ার্ক গড়ে উঠে। দুই যুগের অধিককাল যন্ত্রপাতি ও ওষুধসামগ্রী কেনাকাটার নামে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। নিয়োগ বাণিজ্যের নামে মিঠু চক্র শত শত কোটি টাকা কামিয়েছে।
জানা গেছে, মিঠুর সরবরাহকৃত কোটি কোটি টাকার যন্ত্রপাতি বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। অনেক যন্ত্রপাতি চালু করার কয়েক মাস পর বিকল হয়ে গেছে। মিঠুর সরবরাহকৃত যন্ত্রপাতি নিম্নমানের ও ব্যবহারের অনুপযোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা সরকারকে লিখিতভাবে জানিয়ে ছিলেন যে স্বাস্থ্য খাতে কেনাকাটার অনিয়ন্ত্রিত দুর্নীতির মূল কারণ হচ্ছে, এ খাত মিঠু চক্রের দখলে রয়েছে। এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে বাংলাদেশের ঠিকাদার ব্যবসায়ী হিসেবে মিঠুর নাম উল্লেখ রয়েছে।











