উন্নয়ন চাইলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ধ্বংস চাইলে বিএনপি-জামায়াতকে বেছে নেওয়ার কথা বলেন তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা সিভিল অ্যাভিয়েশন মাঠে আজ শনিবার এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবেই—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। জনগণ ভোট দিলে তিনি ক্ষমতায় থাকবেন, না দিলে নেই বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন নষ্ট করতে চায়। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়। এ জন্য তিনি দেশবাসী এবং ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা কী বিএনপির কথায় নাচতে চান?’ এ সময় সবাই না, না বলে জবাব দেন। নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, নৌকা দেশের স্বাধীনতা দিয়েছে। নৌকা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। নৌকায় ভোট দেওয়ার কারণেই পানির কষ্ট নেই। মানুষ সুখে আছে। এ সময় নৌকায় ভোট দেবেন কি না উপস্থিত মানুষের ওয়াদা চান। জনসভায় আগতরা ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু নিজে দিলে হবে না। পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে হবে।
















