মার্চ মাসে চিঠি এলেও জায়গা নির্দ্ধারণ করা হয়নি: মাগুরায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্প নগরী গড়ার উদ্যোগ
রোস্তম মল্লিক:
মাগুরায় ২০০ একর জমির ওপর বিসিক শিল্প নগরী গড়ে তোলা হবে। এজন্য প্রয়োজনীয় ফাইল ওয়ার্ক শুরু করেছে বিসিক কর্তৃপক্ষ ও শিল্প মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বিসিক প্রধান কার্যালয়।
খোঁজখবর নিয়ে জানাগেছে, মাগুরা জেলায় বিসিক শিল্প নগরী স্থাপনের জন্য ঢাকায় অবস্থানকারী মাগুরার বেশ কিছু সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধি শিল্প মন্ত্রণালয়ে আবেদন করেন। তৎপ্রেক্ষিতে গত ২৫ মার্চ ২০২০ইং বিসিক প্রধান কার্যালয় থেকে মাগুরা জেলা প্রশাসককে চিঠি দিয়ে অতিদ্রুত স্থান নির্বাচন করে ভূমি অধিগ্রহণের ব্যয় প্রাক্কালন তৈরী ও আনুসাংগকি প্রস্তাব প্র্রেরণের অনুরোধ জানান হয়।
এ পত্র প্রাপ্তিরপর মাগুরা জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন। তারা বেশ কয়েকটি জায়গা তালিকাভুক্ত করে সরেজমিন পরিদর্শন করার সিদ্ধান্ত নেন। জায়গাগুলো হলো: মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা, পারনান্দুয়ালী, কছুন্দি, ভিটাসাইর, ইছাখাদা ও শালিখা। এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক স্থানীয় ২ জন সংসদ সদস্যের সাথেও আলোচনা করেন। কিন্তু ইতিমধ্যেই করোনা হানা দেওয়ায় সেসব স্থান পরিদর্শন করা সম্ভব হয়নি। তাই বিসিক শিল্প নগরী স্থাপন প্র্রকল্প থেমে আছে।
এ বিষয়ে বিসিক মাগুরা কার্যালয়ের উপ ব্যবস্থাপক মো: আব্দুস সালাম জানান, গত ২৫/৩/২০২০ ইং তারিখে বিসিকের প্রধান কার্যালয় থেকে মাগুরা জেলা প্রশাসককে একটি পত্র পাঠিয়ে দ্রুত স্থান নির্দ্ধারণ করে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। ইতিমধ্যে ৪/৫ টি জায়গা দেখাও হয়েছে তবে চুড়ান্ত করা হয়নি। আশা করছি এ মাসেই সেটা চুড়ান্ত করা যাবে।





















