ক্ষমতাসীনরা ভাইরাসের রাজনীতিকরণে ব্যস্ত : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনাভাইরাসের মতো মহাদুর্যোগ মোকাবিলায় সরকারের একের পর এক ভুল, আত্মঘাতী ও সমন্বয়হীন পদক্ষেপে আজ দেশের হাজার হাজার মানুষ মৃত্যু ঝুঁকিতে। ক্ষমতাসীনদের মনোযোগ দুর্নীতি-লুটপাটে। তারা ভাইরাসের রাজনীতিকরণেই ব্যস্ত আছে।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনাভাইরাসের মহাদুর্যোগের সময়ে গত ২১ মে সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষদের মাঝে ২১ জুন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণের সময় আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারের নির্দেশে তার সন্ত্রাসী ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজিব হায়দারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা দফায় দফায় বর্বরোচিত হামলা চালায়। ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা একটি মাইক্রোবাসসহ কমপক্ষে ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর এবং বেদম পিটিয়ে বহু নেতাকর্মীকে আহত করে। এমপি পুত্রের নেতৃত্বে ন্যক্কারজনক এই সহিংস হামলার ঘটনাটি সব পত্র-পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং প্রতিটি মানুষ ক্ষোভ ও ধিক্কার জানায়। হামলাকারী ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীদের ছবিও প্রকাশিত হয়েছে। আমরা এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেছি।
তিনি আরও বলেন, এর আগেও নারায়ণগঞ্জের মহিলা কাউন্সিলর ও মহিলা দল নেত্রী আয়শা আক্তার দীনা এবং ফেনীতে কৃষক দল নেতা আলমগীর চৌধুরী এবং ইউনিয়ন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আবুল হোসেন কমান্ডার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গেলে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। একই সঙ্গে ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যায়।
রিজভী বলেন, যখনই আমরা জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি তখন কাদের সাহেব (ওবায়দুল কাদের) তথ্য-প্রমাণ চান। এ ধরনের সন্ত্রাসী ঘটনার সময় কি সরকারের মন্ত্রীরা ঘুমিয়ে থাকেন? আওয়ামী জঙ্গিদের লালন-পালন, মদদ দিচ্ছে রাষ্ট্রীয় শক্তি। সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসীরা এই দুর্যোগকালেও যে অমানবিক, বর্বর ও নিষ্ঠুরতা প্রদর্শন করছে তা সব স্বৈরশাসকের রেকর্ডকে অতিক্রম করেছে।

















