অভিযোগ উঠেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যানবাহন শাখার বর্তমান সিডিউলিং সুপারভাইজার মো. রেজাউল হাসান (পি-নং ৩৭১৫৫) মাদক সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ডে জড়িত। অনেকে তাকে ‘মাদক সম্রাট’ হিসেবেও অভিহিত করছেন। অভিযোগ রয়েছে, তিনি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আমরা নিরুপায়। যারা এসব করছে তারা প্রভাবশালী, কেউ মুখ খুললে বদলি বা চাকরি হারানোর ভয় থাকে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যানবাহন শাখার সিডিউলিং সুপারভাইজার মোঃ রেজাউল হাসান (পি-নং ৩৭১৫৫)-এর বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সবসময় শৃঙ্খলা, আইন মানা ও স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদি আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত কোনো অভিযোগ ওঠে এবং তা যথাযথ তদন্তে প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে। আমরা কোনোভাবেই মাদক বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে বরদাস্ত করব না। ইতোমধ্যেই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিষয়টি খতিয়ে দেখছি এবং যারা জড়িত তাদের চিহ্নিত করতে কাজ চলছে।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ দৃঢ় অবস্থানে রয়েছে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। আমরা অভ্যন্তরীণ তদন্ত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার প্রতি সবার দাবি, দ্রুত এই শাখার দুর্নীতি ও মাদক সংশ্লিষ্টতা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানের নিরাপত্তা ও সুনাম দুটোই ঝুঁকির মুখে পড়বে।











