বাম পাশে সারিবদ্ধ প্রস্রাবের স্থানগুলোর মধ্যে মাত্র একটিতে পানির কল সচল রয়েছে। বাকিগুলো নষ্ট। এর একটি দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য নির্ধারিত হলেও সেখানে প্রয়োজনীয় ইউরিনাল নেই।
দুপুর ১২টার দিকে শৌচাগারে আসেন ৮৫ বছর বয়সী তৌহিদুর রহমান। তিনি বলেন, ‘আমার প্রস্রাবে সমস্যা আছে। চিকিৎসক দাঁড়িয়ে প্রস্রাব করতে বলেছেন। হার্টের চিকিৎসকও বসে প্রস্রাব করতে নিষেধ করেছেন। কারণ বসা থেকে উঠে দাঁড়ালে আমার মাথা ঘোরে। এতে পড়ে গিয়ে নতুন করে বড় কোনো বিপদে পড়তে পারি।’
কাছাকাছি সময়ে শৌচাগারে আসেন সাইফুর রহমান। তিনি বলেন, ‘আমি বসে প্রস্রাব করি। কিন্তু এখানে একই জায়গায় কেউ দাঁড়িয়ে, আবার কেউ বসে প্রস্রাব করেন। যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন, তাদের প্রস্রাব সামনের দেয়ালে পড়ে থাকে। পরে আরেকজন বসে প্রস্রাব করতে গেলে সেই দেয়াল থেকে দুর্গন্ধ আসে। এভাবে অপরিচ্ছন্ন পরিবেশে শৌচাগার ব্যবহার করা খুবই কষ্টকর।’
হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতিসহ বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে উপপরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মাহাবুব ইবনে আল বাকের পরিচ্ছন্নতার উন্নতি হয়েছে বলে দাবি করেন। তবে সরেজমিনে দেখা চিত্র তার দাবির সঙ্গে মেলেনি।
হাসপাতালের দু-তিনটি ক্যাথ ল্যাব অকেজো পড়ে থাকা, জরুরি বিভাগের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নষ্ট থাকা এবং শয্যা পাওয়া ও জরুরি বিভাগে হুইলচেয়ার ব্যবহারের ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও জানতে চান এই প্রতিবেদক। এসব বিষয়ে কথা বলতে প্রথমে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর দপ্তরে যান তিনি। তবে পরিচালক কথা বলতে রাজি হননি। তিনি জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্ব উপপরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মাহাবুব ইবনে আল বাকেরের।
পরে উপপরিচালকের দপ্তরে গেলে তিনিও প্রথমে কথা বলতে রাজি হননি। তার দপ্তর থেকে জানানো হয়, সহকারী পরিচালক ডা. মো. মিজানুর রহমান গণমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্বপ্রাপ্ত। সহকারী পরিচালকের দপ্তরে গেলে তিনিও বিষয়টি নিয়ে কথা না বলে আবার উপপরিচালকের দপ্তরে পাঠান। পরে উপপরিচালকের দপ্তরের একজন কর্মকর্তা সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। কয়েক দফা যোগাযোগের পর উপপরিচালকের সঙ্গে কথা বলার সুযোগ পান এই প্রতিবেদক।
এদিন হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কাজ করছে না। কর্মরত ব্যক্তিরা জানান, প্রায় ১৫ দিন ধরে এসি নষ্ট। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপপরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মাহাবুব ইবনে আল বাকের জানান, হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রায় সাড়ে ৩০০ কর্মচারী পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। এসব পদে নিয়োগের পদ্ধতিতে পরিবর্তন আসছে। তবে দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন, তাদের বেতনও বকেয়া রয়েছে।
আউটসোর্সিংয়ে কর্মরত ব্যক্তিদের একাধিক সরকারি হাসপাতালে একই নামে দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক জায়গা থেকে বেতন তোলার অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপপরিচালক বলেন, ‘আমরা আমাদের এখানে আউটসোর্সিংয়ে কর্মরত ব্যক্তিদের নাম ও ফোন নম্বর সংগ্রহ করেছি। এসব তথ্য এক জায়গায় জড়ো করতেই বেশ সময় লেগেছে। আমরা সবকিছু একটি সুশৃঙ্খল পদ্ধতির মধ্যে আনার চেষ্টা করছি।’
একই কর্মী একাধিক হাসপাতালে কর্মরত দেখিয়ে বেতন তোলার অভিযোগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা তদন্তের ফল পাওয়া যায়নি। তবে হাসপাতালের জনবল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান উপপরিচালক।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা আকস্মিক পরিদর্শন করেন। ওই দিন তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে এক সহযোগী অধ্যাপককে নিজের কক্ষে ধূমপান করতে দেখেন। পাশাপাশি কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তার নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ৯টা ১০ মিনিটে পরিদর্শন শুরু করে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে যান তিনি। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা ও সেবার মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালেও যান।
এ ছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বাংলা কলেজ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন তিনি। মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতও ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর ওই পরিদর্শনের সময় বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেননি। পরিদর্শনের প্রায় এক মাস পরও রাজধানীর এই বিশেষায়িত সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে।














