আজ শনিবার আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। চার দিন আগে নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। এই মামলার সূত্র ধরেই তাঁকে আজ আটক করেছে ঢাকা মহানগর ডিবির লালবাগ বিভাগ। এরপরই তাঁর সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদকে ডাকা হয় ডিবি কার্যালয়ে। সেখানে তিনি গণমাধ্যমের মুখোমুখি নোবেল সম্পর্কে নানান কথা বলেন।
গণমাধ্যমে নোবেলের মাদকাসক্তের কথা বলতে গিয়ে সালসাবিল মাহমুদ দাবি করেন, নোবেল যেই মাদকচক্রের ফাঁদে পড়েছেন, তাঁদের মধ্যে একজন নারী এয়ার হোস্টেস রয়েছেন। যিনি নোবেলের সঙ্গে যোগাযোগ রাখতেন। নোবেলকে সব ধরনের মাদক সরবরাহ করতেন তিনি।
তবে ওই নারী কিংবা যে চক্র নোবেলকে এই মাদকের ফাঁদে ফেলেছে, তাঁদের নাম উল্লেখ করেননি তিনি। এর আগেও কয়েকবার তিনি একটি চক্রের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন, যারা নোবেলকে মাদক সরবরাহ করে। তিনি এ কথাও জানান যে এসব বিষয়ে তিনি কথা বললেই তাঁকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হতো।











